চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক-শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের বাসে ছাত্রলীগ নামধারী কর্মীদের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।উপজেলার বারইয়াহাট পৌর এলাকায় উপজেলা আওয়ামী লীগের জামায়াত-শিবিরবিরোধী সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা এ হামলার ঘটনা ঘটান। আহত ব্যক্তিরা হলেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক শহীদুল্লাহ কায়সার, সহকারী অধ্যাপক মমতাজ উদ্দিন, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নির্ঝর মজুমদার, শাহনাজ পারভিন, পার্বনী চাকমা ও সুমন কান্তি দে। আহত ব্যক্তিদের স্থানীয় মাতৃকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মমতাজ উদ্দিন বাদী হয়ে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।সহকারী অধ্যাপক মমতাজ উদ্দিন, শিক্ষার্থী মো. ওসমান গনি ও বাসের চালক মাহবুব জানান, কুমিল্লার কোটবাড়ি এলাকার বার্ড থেকে গ্রাম উন্নয়নবিষয়ক পাঁচ দিনের একটি প্রশিক্ষণ শেষে ৯৩ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। বিকেল সাড়ে পাঁচটায় বারইয়াহাট পৌর বাজারে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের একটি সমাবেশ শেষ হয়। সমাবেশে আসা ছাত্রলীগের কর্মীরা জোরপূর্বক তাঁদের বাসে ওঠার চেষ্টা করেন। এ সময় বাসের ভেতরে থাকা শিক্ষার্থী ও শিক্ষকেরা তাঁদের উঠতে নিষেধ করলেও ১০-১৫ জন বাসে উঠে ছাত্রীদের উত্ত্যক্ত করার চেষ্টা করেন। শিক্ষক-শিক্ষার্থীরা বাধা দিলে একপর্যায়ে তাঁরা হামলা চালান। পরে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ছাত্রলীগের অর্ধশতাধিক উচ্ছৃঙ্খল কর্মী দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের একজন নেতার নেতৃত্বে বাস দুটি থামিয়ে লাঠিসোঁটা দিয়ে হামলা করেন। এ সময় তাঁর প্রিন্স সৌদিয়া ও সৌদিয়া নামের গাড়ি দুটিতে ব্যাপক ভাঙচুর চালান।চালক মাহবুব জানান, ছাত্রলীগের কর্মীরা গাড়ি দুটি ধাওয়া করে মিরসরাই থানা পর্যন্ত এসে থেমে যান।হামলার ঘটনায় ছাত্রলীগের কর্মীরা জড়িত থাকার বিষয়ে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা জানান, আওয়ামী লীগের সমাবেশ শেষে এ ঘটনা ঘটায় তিনি বিব্রত। আসল ঘটনাটি কী, সেটি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমতিয়াজ ভূঁইয়া জানান, শিক্ষার্থী ও শিক্ষকের ওপর হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।