চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে আরও দুই মামলায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাদ্দেক মিনহাজ শুনানি শেষে আজ মঙ্গলবার তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নগরের কর্ণফুলী ও বায়েজীদ বোস্তামী থানার পৃথক মামলায় ওই তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

জেএমবির সন্দেহভাজন এ তিন সদস্য হলেন-নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, হাটহাজারী থানা-পুলিশ গত বছরের ২৬ ডিসেম্বর হাটহাজারীর আমানবাজার থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়ের করা বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদ করতে আজ পৃথকভাবে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে। অন্যদিকে বিবাদী পক্ষের আইনজীবী তাঁদের নির্দোষ দাবি করে রিমান্ডের আবেদন বাতিল এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন দুটি নাকচ করে দুই মামলায় প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে দুটি রিমান্ড একসঙ্গে চলবে বলে আদেশে উল্লেখ করা হয়।

গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী ছিলেন। গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ছাত্রত্ব বাতিল করে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজার এলাকার একটি বাসা থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাটহাজারী থানায় তিনটি মামলা করা হয়। এ ছাড়া কর্ণফুলী থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে করা তিনটি মামলা এবং বায়েজীদ বোস্তামী থানার হত্যা ও বিস্ফোরক মামলায়ও ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।