নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করায় তরুণ বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার ও তাঁর শিক্ষক গাজী সৈয়দ মোহাম্মদ আসমতকে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৬ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৭২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সাজিদ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস করেছেন। দেশের খ্যাতিমান প্রাণিবিজ্ঞানী গাজী আসমত একই বিভাগের শিক্ষক।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে জানান, বিরল প্রজাতির ব্যাঙ আবিষ্কার করায় গবেষণাকাজে তাঁদের উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। তাঁদের প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এ জন্য একটি অনুষ্ঠানও করা হবে। তবে অনুষ্ঠানের দিনক্ষণ এখনো ঠিক হয়নি।সিন্ডিকেট সূত্রে জানা গেছে, বিশিষ্ট ইতিহাসবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মুনতাসীর মামুন দুই বিজ্ঞানীকে সম্মান জানানোর প্রস্তাব উত্থাপন করেন। তাঁর প্রস্তাবে সিন্ডিকেট দুই বিজ্ঞানীকে এক লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়।সাজিদ প্রথম আলোকে জানান, এই উদ্যোগ উৎসাহজনক। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে শিক্ষার্থীরা গবেষণায় উৎসাহিত হবেন। তিনি আরও জানান, অর্থ না দিয়ে শিক্ষার্থীদের গবেষণাকাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।