চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জুলাই প্রথম আলোয় প্রকাশিত ‘একজন ক্ষমতাধর উপাচার্য’ শীর্ষক খবরের প্রতিবাদ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়। এতে দাবি করা হয়, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, মনগড়া এবং বিশেষ মহলের প্ররোচনায় অসৎ উদ্দেশে৵ করা।
উপ-রেজিস্ট্রারের (তথ্য) সই করা প্রতিবাদে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন এবং আইনের আলোকে উপাচার্যকে দেওয়া ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল না হয়ে প্রতিবেদক মিথ্যাচার করেছেন। তিনি মনগড়া ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।
বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর গত তিন বছরে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হওয়ার দাবি করে প্রতিবাদে বলা হয়, আইন ও অধ্যাদেশ সমুন্নত রেখে এবং অধ্যাদেশে বর্ণিত পর্যদসমূহ সক্রিয় রেখে ন্যায়নীতির ভিত্তিতে তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন, যা দেশ-বিদেশে সুধীমহলে সমাদৃত হয়েছে। উপাচার্য ক্ষমতার অপব্যবহার করছেন, এমন কোনো দৃষ্টান্ত নেই বলেও প্রতিবাদে দাবি করা হয়।
এদিকে গত ৫ ও ৬ জুলাই প্রথম আলোয় প্রকাশিত খবরের পৃথক প্রতিবাদ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি এবং চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন। দুটি সংগঠনের দেওয়া প্রায় একই রকম বক্তব্যে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনের তথ্যসমূহ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি বিশেষ মহলকে খুশি করার অপপ্রয়াস চালাতে এটা করা হয়েছে। সংগঠন দুটির পক্ষ থেকে এসব সংবাদ প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত দুটি প্রতিবেদনে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে তার কোনোটাই ভিত্তিহীন, অসত্য বা উদ্দেশ্যপ্রণোদিত নয়। তা ছাড়া কোন তথ্যটি অসত্য বা ভিত্তিহীন তা তিনটি প্রতিবাদের একটিতেও সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। সরেজমিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে সব তথ্য যাচাই-বাছাই করে এবং উপাচার্যসহ সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে সাংবাদিকতার নীতি মেনেই প্রতিবেদন দুটি প্রকাশ করা হয়েছে। উপাচার্যসহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিষয়ে যত অনিয়ম খুঁজে পাওয়া গেছে, তার কিছু অংশ প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ও সুশাসন নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতির ঘটনাগুলো সবার সামনে তুলে ধরা এবং এসব বিষয়ে সরকার, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতেই প্রতিবেদন দুটি তৈরি করা হয়েছে। কোনো মহলের প্ররোচনায় প্রতিবেদন প্রকাশের প্রশ্নই ওঠে না।