চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে শুনানি শেষে এই আদেশ দেন।

দিয়াজ হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গত সোমবার তিনি চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সি মো. মশিয়ার রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। এরপর গতকাল বুধবার মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে।

আনোয়ার হোসেনের মুক্তির দাবিতে গত মঙ্গলবার ছাত্রলীগের এক পক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচি পালন করে। আরেক পক্ষ তাঁকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণ করার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, শুনানিকালে রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে জানানো হয়, দিয়াজকে কেন, কী কারণে কারা হত্যা করেছে, তা বের করার জন্য আসামি আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কী দিয়ে দিয়াজকে আঘাত করা হয়েছে এবং খুনের পরিকল্পনা কোথায় হয়েছিল, কারা কারা পরিকল্পনায় ছিল—এসব বিষয় তদন্তে বের করতে হবে। তবে আসামি আনোয়ারের পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত দু্ই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার আগে দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। দিয়াজের মরদেহের প্রথম ময়নাতদন্ত হয় গত বছরের ২১ নভেম্বর। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে, এমন আলামত ময়নাতদন্তের প্রতিবেদনে মেলেনি। পরে গত বছরের ৬ ডিসেম্বর দিয়াজের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। ওই প্রতিবেদনে বলা হয়, দিয়াজকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।

দিয়াজকে হত্যা করা হয়েছে—এ অভিযোগ এনে তাঁর মা জাহেদা আমিন বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। অন্য আসামিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু, সহসভাপতি আবদুল মালেক, মনসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মো. আরমান, প্রচার সম্পাদক রাশেদুল আলম, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য আরিফুল হক এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামশেদুল আলম চৌধুরী।

এক বছরেও হত্যা মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় দিয়াজের মা জাহেদা আমিন গত মাসে অনশন শুরু করেছিলেন। আসামিদের গ্রেপ্তার করা হবে—পুলিশ কর্মকর্তাদের এমন আশ্বাসে ছয় দিন পর গত ২ ডিসেম্বর অনশন ভাঙেন তিনি।