চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সহায়তার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাসবিকৃতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করার বিষয়ে সহায়তা করার অভিযোগ উঠেছে। ২০০৫ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) প্রভাষক থাকা অবস্থায় ওই শিক্ষক পাঠ্যপুস্তকে ইতিহাসবিকৃতিতে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সর্বশেষ নির্বাচনে তিনি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দল থেকে নির্বাচন করেন।এদিকে, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। একই চিঠিতে ওই শিক্ষকের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বাউবি কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। বাউবির চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন। তবে আমাদের এখানে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার মতামত নেওয়া হবে। তাঁর মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’ বাউবির চিঠি সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৩ জানুয়ারি থেকে ২০০৬ সালের ১০ আগস্ট পর্যন্ত কামাল উদ্দিন বাউবির প্রভাষক ছিলেন। এ সময় তিনি বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের পৌরনীতি দ্বিতীয় পত্র এবং এইচএসসি প্রোগ্রামের পৌরনীতি দ্বিতীয় পত্রের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাসবিকৃতিতে সহায়তা করেন। অভিযোগ রয়েছে, বাউবিতে থাকা অবস্থায় কামাল উদ্দিন জাতির পিতার অবমাননা এবং বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার উদ্দেশ্যে পরিবর্তিত এসএসসি প্রোগ্রামের পৌরনীতি বই ২০০৫ সালে পুনর্মুদ্রণের জন্য ডিন বরাবর সুপারিশ করে ইতিহাসবিকৃতিতে সহায়তা করেন। এইচএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের পৌরনীতি বিষয়ের সমন্বয়কারী হিসেবে ২০০৬ সালে দায়িত্ব পালন করে জাতির পিতার অবমাননা, বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসবিকৃতি অব্যাহত রাখতে সহায়তা করেন বলেও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বাউবির বোর্ড অব গভর্নরসের সভায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় বলে জানা গেছে।