চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন ছাত্র রিমান্ডে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্য সন্দেহে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন ছাত্রের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার হাটহাজারী থানার পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
ওই তিন ছাত্র হলেন নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন। গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ছাত্রত্ব বাতিল করে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, হাটহাজারী থানায় সন্ত্রাস দমন আইনে পুলিশের করা মামলায় ওই তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুনানির আগে তিনজনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজার এলাকায় জেএমবির চট্টগ্রামের প্রধান ফারদিন ওরফে নোমান ওরফে নাফিসের ভাড়া বাসা থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরকসহ সেনাবাহিনীর ১২ সেট পোশাক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তিনজনের সঙ্গে ফারদিনকে পলাতক দেখিয়ে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা করা হয়। এ ছাড়া কর্ণফুলী থানার অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনের তিনটি মামলা এবং বায়েজিদ বোস্তামী থানার দুই মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।