চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু হয়েছে। ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকায় নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছরের ইতিহাসে এই প্রথম সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। সীমানাপ্রাচীর নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয়ের ভূমি বেদখল হওয়া থেকে রক্ষা পাবে। নিরাপত্তা আরও জোরদার হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্য শিরীন আখতার, সিনেট সদস্য অধ্যাপক অরুণ কুমার দেব, আইন অনুষদের ডিন অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর প্রমুখ।