চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির কারণে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুর নূরের (২৩) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতের হাকিম শম্পা বসু এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, শালিখা উপজেলার শতখালী গ্রাম এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার কারণে গত বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুর নূরকে (২৩) আটক করা হয়। নূর ওই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন গ্রামের সৌদিপ্রবাসী মো. আবদুর রশিদের ছেলে।

জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ বা রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। তবে তাঁর মুঠোফোনে মাগুরাসহ আশপাশের জেলার দর্শনীয় ও ঐতিহাসিক জায়গার বেশ কিছু ছবি ধারণ করা ছিল। এ কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শালিখা থানা-পুলিশের উপপরিদর্শক বিশারুল ইসলাম বাদী হয়ে গত ১৪ জুলাই আবদুর নূরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫ ও ১৬ ধারায় মামলা করেন। মুঠোফোনে ধারণ করা দর্শনীয় ও ঐতিহাসিক ওই সব স্থানে জঙ্গি হামলার আশঙ্কা থেকে মামলা করা হয় বলে পুলিশ জানায়। মামলার পর আবদুর নূরের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজ শনিবার দুপুরে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।