চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হামলাকারীদের শাস্তির দাবিতে ক্লাস বর্জন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শ্রেণীকক্ষে ঢুকে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তির দাবিতে ক্লাস বর্জন শুরু করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। একই দাবিতে আজ বুধবার এবং কাল বৃহস্পতিবারও ক্লাস বর্জন চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একত্র হয়ে বিভাগের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। হামলাকারীদের একজনকে আটক করার পরও কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিয়েছে, এর জবাব চান শিক্ষার্থীরা। অবস্থান ধর্মঘট শেষে একই দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ ও প্রক্টর (ভারপ্রাপ্ত) খান তৌহিদ ওসমানকে স্মারকলিপি দেন। গত সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে রাজনীতি বিজ্ঞান বিভাগের শ্রেণীকক্ষে ঢুকে স্নাতকোত্তর শ্রেণীর দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়।