চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘর্ষ, ছাত্রী লাঞ্ছনা ও সাংবাদিক নির্যাতনসহ বিভিন্ন শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার দায়ে ২০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী তাঁর কার্যালয়ে বহিষ্কারাদেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংবাদকর্মীদের জানান।

আলী আজগর চৌধুরী বলেন, গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ ও ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রক্টর কার্যালয় সূত্র জানায়, গত ২ নভেম্বর ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় রামদায় শান দেওয়ার অভিযোগে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান ওরফে শ্রাবণ্য মিজান ও চারুকলা ইনস্টিটিউটের মোফাজ্জল হায়দার হোসাইনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিভাগে বিশৃঙ্খলা সৃষ্টি ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-’১৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র তৈয়্যবুর রহমানের ছাত্রত্ব বাতিল করা হয়। একই অভিযোগে ইংরেজি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান মো. জলিলকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। ছাত্রাবাসে ভাঙচুর ও এক ছাত্রকে ছুরিকাঘাত করার অভিযোগে বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের ২০১০-’১১ শিক্ষাবর্ষের ছাত্র নিরুৎপল সরকার ও ২০১২-’১৩ শিক্ষাবর্ষের মেহেদী হাসানকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। এ ছাড়া একজন ছাত্রকে ছুরিকাঘাত করার দায়ে ২০১১-’১২ শিক্ষাবর্ষের মাসুদ রানাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমাজতত্ত্ব বিভাগের ২০১৩-’১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শিহার উদ্দিন, ইতিহাস বিভাগের ২০১২-’১৩ শিক্ষাবর্ষের দিদারুল ইসলাম ও ২০১৩-’১৪ শিক্ষাবর্ষের ইরফাতুল আলমকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

এ ছাড়া গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার দায়ে শিক্ষার্থী সুব্রত মজুমদার, আবিদ ইবনে রফিক ও আবদুল ওয়াহাবকে এক বছরের জন্য এবং মো. রাফিউল্লাহকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সি ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মার্কেটিং স্টাডিজ বিভাগের ২০১১-’১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হাকিম, নৃবিজ্ঞান বিভাগের ২০১৪-’১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমরান হোসাইনকে এক বছরের জন্য এবং ইংরেজি বিভাগের ২০১১-’১২ শিক্ষাবর্ষের এস এম জাহেদুল আওয়ালকে সাময়িক বহিষ্কার করা হয়। এ ছাড়া এটিএন বাংলার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আবু সুফিয়ানকে লাঞ্ছিত করার অভিযোগে ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) এর ২০১২-’১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আর এক ছাত্রকে লাঞ্ছিত করার দায়ে চারুকলা ইনস্টিটিউটের জতিষ্ক চাকমা ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের ছাত্র রিংক চাকমাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

প্রক্টর আলী আজগর চৌধুরী প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মেয়াদে ২০ জনকে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আগামী শনিবার চিঠি দিয়ে বিষয়টি তাঁদের জানিয়ে দেওয়া হবে।