চট্টগ্রাম বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) ক্যাম্পাসে আজ রোববার সকাল থেকে বিক্ষোভ সমাবেশ চলছে। চাকরি বিধিমালা (সার্ভিস রুল) প্রণয়ন, যুগোপযোগী বেতনকাঠোমো, শিক্ষক ও শিক্ষা উপকরণের ঘাটতি পূরণ ইত্যাদি দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিকক-চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারীরা একযোগে আন্দোলনে নেমেছেন।
ইউএসটিসি কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সহকারী সচিব আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা এক মাস সার্ভিস রুল প্রণয়নসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছি। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে ভ্রুক্ষেপ করছে না। তাই আজ সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী, চিকিত্সক, বিভাগীয় প্রধান, বিভিন্ন অনুষদের ডিন একযোগে আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত আমাদের বিক্ষোভ সমাবেশ চলবে।’
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টায় ইউএসটিসি ক্যাম্পাসের সামনের রাস্তায় মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষক-চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারীরা। মিছিলটি এলাকার ডায়াবেটিক হাসপাতাল পর্যন্ত গিয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে। সেখানে তাঁরা সমাবেশ করেন।