চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা লাখ ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিদ্যালয় ও পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বোর্ডে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। তাদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯৮ হাজার ৭০৩ জন এবং অনিয়মিত ১৪ হাজার ১৮৫ জন। মানোন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছে ৭১ জন।
গত বছর ৯৮১টি বিদ্যালয় থেকে অংশ নেয় ৮৮ হাজার ৭০০ পরীক্ষার্থী। গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২৪ হাজার ২৫৯ জন।
বোর্ড সূত্র জানায়, গতবারের মতো এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি। এবার ৬০ হাজার ৮৯৩ ছাত্রী ও ৫২ হাজার ৬৬ ছাত্র পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর ৫৩ দশমিক ৯০ শতাংশই ছাত্রী। গতবার ৪৬ হাজার ৭১১ জন ছাত্রী ও ৪১ হাজার ৯৮৯ ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল।
গতবারের মতো এবারও ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এই বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেবে ৫৭ হাজার ৭০০ জন। বিজ্ঞান বিভাগের মোট পরীক্ষার্থী ২৪ হাজার ৫৭১ এবং মানবিক বিভাগে ৩০ হাজার ৬৮৮ জন।
বোর্ড সূত্র জানায়, গতবার ১৫৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার কেন্দ্রের সংখ্যা ১৬৯টি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা শেষ করার জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরীক্ষাকেন্দ্র বাড়ানো হয়েছে। এবার ৬০টি সাধারণ ও ১২টি বিশেষ পরিদর্শক দল গঠন করা হয়েছে।