চট্টগ্রাম বোট ক্লাবের নতুন ভবন ও আধুনিক ভ্রমণতরীর উদ্বোধন
চট্টগ্রাম নগরের পূর্ব পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম বোট ক্লাবের নতুন ভবন এবং ‘ওয়েস্টার্ন ক্রুজ’ নামের একটি আধুনিক ভ্রমণতরী উদ্বোধন করা হয়েছে। নৌবাহিনীর প্রধান ও চট্টগ্রাম বোট ক্লাবের প্রেসিডেন্ট ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন।গতকাল রোববার সকালে বোট ক্লাব চত্বরে ফিতা কেটে আধুনিক ভ্রমণতরী ওয়েস্টার্ন ক্রুজের উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান। প্রায় আট কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজটি নির্মাণ করে বোট ক্লাবের কাছে হস্তান্তর করে।অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান বলেন, দেশীয় কারিগরি দক্ষতার প্রমাণ রাখবে এই জাহাজ।অনুষ্ঠানে জানানো হয়, এ জাহাজে ২০০ যাত্রী ধারণের ক্ষমতা রয়েছে। এতে বিনোদনের নানা সুবিধা ছাড়াও একটি সুদৃশ্য সভাকক্ষ আছে। বিশেষভাবে নির্মিত জাহাজটি কর্ণফুলী নদী দিয়ে বন্দরের চ্যানেলে পর্যটকদের নিয়ে চলাচল করবে। এর আগে গত শনিবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে বোট ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়।