চট্টগ্রাম বোর্ডে এসএসসির উত্তরপত্র জালিয়াতি!
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি এসএসসি পরীক্ষার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের উত্তরপত্র জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্তের জন্য বোর্ড কর্তৃপক্ষ উপসচিব মাহবুব হাসানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৩ ও ৮ ফেব্রুয়ারি বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার দিনে একজন পরীক্ষার্থীর উত্তরপত্র নিয়ে এ জালিয়াতির ঘটনা ঘটে।চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা অভিযোগের প্রমাণ পেয়েছি এবং অভিযুক্ত কেন্দ্র তত্ত্বাবধায়ক মোক্তার হোসেন কুতুবী ও সহ-তত্ত্বাবধায়ক রূপন কুমার দেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে সে হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে বোর্ডের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’অভিযোগ থেকে জানা যায়, ৩ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিনে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে একটি উত্তরপত্র কম পাঠানো হয়। ওই দিন ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ৫১ জন। ৮ ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার দিনে একই পরীক্ষার্থীর (৭০২৬৮০) জন্য ৪৭ নম্বর কক্ষ পরিদর্শককে নির্দেশ দিয়ে কেন্দ্র তত্ত্বাবধায়ক মোক্তার হোসেন কুতুবী একটি খালি নৈর্ব্যক্তিক অভীক্ষার উত্তরপত্র (ওএমআর শিট নম্বর-১৩০৫৩৯১২১) সই করিয়ে নেন। পরীক্ষা শেষে এতে বৃত্ত ভরাট করার জন্য বাইরে থেকে হলে একজন লোক ডেকে আনা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী তত্ত্বাবধায়ক রূপন কুমার দে ও বিদ্যালয়ের কয়েকজন পিয়ন। এ অবস্থায় ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে চলে আসায় লোকটি বৃত্ত ভরাটের কাজটি শেষ না করে চলে যান। ফলে উত্তরপত্রটি আর পরীক্ষার্থীর মূল উত্তরপত্রের (ওএমআর শিট নম্বর-১৩০৫৩৯১৮০) পরিবর্তে ব্যবহার করতে পারেননি তাঁরা। অভিযোগ রয়েছে, এ জালিয়াতির সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন লাল বিশ্বাসের যোগসাজশ রয়েছে। এ ব্যাপারে গতকাল বিকেলে বিদ্যালয়ে যোগাযোগ করা হলে পিয়ন ফোন ধরে বলেন, ‘স্যার লাঞ্চে গেছেন। স্যারের মোবাইলে করেন।’ কিন্তু প্রধান শিক্ষকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অভিযোগ সম্পর্কে জানতে মোক্তার হোসেন কুতুবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘বাংলা প্রথম পত্রের পরীক্ষার সব উত্তরপত্রই জমা দিয়েছি। কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র আমরা পরিবর্তন করিনি।’বোর্ড সূত্রে জানা যায়, কোনো পরীক্ষার উত্তরপত্র হারিয়ে গেলে অন্যান্য পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে সমন্বয় করে নম্বর বণ্টন করা হয়। সম্ভবত ওই পরীক্ষার্থী বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ভালো করেনি বলেই কৌশলে তার উত্তরপত্রটি সরিয়ে নেয়। ১৭ ফেব্রুয়ারি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত পরীক্ষাকেন্দ্রে তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছেন।