চট্টগ্রামের হাজী মুহম্মদ মুহসীন কলেজ কেন্দ্রে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থীদের দেরিতে প্রশ্নপত্র দেওয়ার ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি করা হচ্ছে।গত রোববার চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত অর্থনীতি, ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং পদার্থবিদ্যা বিভাগের পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের হাতে এক ঘণ্টা দেরিতে ইংরেজি প্রশ্নপত্র তুলে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হাজী মুহম্মদ মুহসীন কলেজ কেন্দ্রে ইংরেজি মাধ্যমের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে: রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ ও সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। অভিভাবকেরা বিষয়টি লিখিতভাবে বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েছেন। অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সব পরীক্ষার্থীকে বাংলা প্রশ্ন দেওয়া হলেও ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থীদের জন্য ইংরেজিতে অনুবাদ করা প্রশ্নপত্র দেওয়া হয় পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পর। ফলে তিন ঘণ্টার পরীক্ষা তারা দুই ঘণ্টা দিয়েছে। এতে সব প্রশ্নের উত্তর তারা লিখতে পারেনি। এ ব্যাপারে কেন্দ্রসচিব এবং চট্টগ্রাম মুহসীন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল গোফরান প্রশ্নপত্র দেরিতে পৌঁছার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি পরীক্ষাকেন্দ্রের প্রতিটি কক্ষে গিয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি, তাদের কোনো সমস্যা হচ্ছে কি না। তারা এ ব্যাপারে কোনো অভিযোগ করেনি এবং তিন ঘণ্টা নিরিবিলি পরীক্ষা দিয়েছে।’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক পীযূষ দত্ত বলেন, ‘এটি ভুল হয়েছে। ট্রেজারি থেকে দেরিতে প্রশ্নপত্র আনায় এ সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে।’