জেএসসি পরীক্ষায় চলতি বছর চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা বেড়েছে। এ বছর ১৯৩টি কেন্দ্রে এক লাখ ৩৬ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ১৩টি নতুন পরীক্ষাকেন্দ্র তালিকাভুক্ত হয়েছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ২৮ হাজার ৫৮ জন। ৪ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়তে পারে। কারণ, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বিশেষ অনুমোদন নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে। ইতিমধ্যে পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পাঁচটি বিশেষ ভিজিলেন্স দল বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করবে। সেকশন অফিসার থেকে শুরু করে বোর্ডের সচিব পর্যন্ত বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন এসব দলে। পাঁচটি দলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বোর্ডের চেয়ারম্যান। চট্টগ্রাম বোর্ডে এ বছর নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ১৩ হাজার ৯৭৬ জন। গত বছর নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ চার হাজার ৬৬৬ জন। জানা যায়, বোর্ডের ১৮২টি কেন্দ্রের মধ্যে এ বছর দুটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। এ ছাড়া নতুন করে ১৩টি কেন্দ্র তালিকাভুক্ত হয়েছে।