চট্টগ্রাম বোর্ডে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) পরীক্ষার্থী বেড়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার। বেড়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও।
এ বছর সাধারণ ভিজিলেন্স টিমের সংখ্যাও তাই বাড়ানো হয়েছে পরীক্ষা তদারকির সুবিধার্থে। বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী রোববার পরীক্ষা অনুষ্ঠানের সামগ্রিক প্রস্তুতি নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘আগামী রোববার পরীক্ষা অনুষ্ঠানের শতভাগ প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, অভিভাবক—সবার সার্বিক সহযোগিতায় প্রতিবছরের মতো এ বছরও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করতে পারব।’
জানা গেছে, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯২ হাজার ৯১ জন। গত বছর অংশ নিয়েছিলেন ৮৬ হাজার ৫২৩ জন। এ বছর পরীক্ষার্থী বেড়েছে পাঁচ হাজার ৫৬৮ জন। মোট ৯৬৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর কেন্দ্রের সংখ্যা ছিল ৯৫৭টি।
বোর্ডের জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রাম, কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায়ও গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে কয়েক গুণ। এসব জেলার মোট ১৫৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় (মহানগরসহ) পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৯৮২ জন।
চট্টগ্রাম মহানগরে ২৪ হাজার ৪৬২ জন। কক্সবাজারে পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৫০ জন, রাঙামাটি জেলায় পাঁচ হাজার ৯৬৭ জন, খাগড়াছড়ি জেলায় ছয় হাজার ১৮৯ জন এবং বান্দরবান জেলায় এক হাজার ৯০৩ জন। চট্টগ্রাম বোর্ডে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় সাধারণ ভিজিলেন্স টিমের সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৫০ জন। পরীক্ষায় তদারকির সুবিধার্থে এ বছর এ সংখ্যা বাড়িয়ে ৫৫ জনে উন্নীত করা হয়েছে।