চট্টগ্রাম বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এ বছর পাসের হার এবং জিপিএ-৫ বেড়েছে। টানা দ্বিতীয়বারের মতো বোর্ডের সেরা হয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়। ফলাফল প্রসঙ্গে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘পাসের হার এবং জিপিএ-৫ বিবেচনায় আমাদের ফলাফল ভালো হয়েছে। তা ছাড়া সব জেলাতেই পাসের হার বেড়েছে।’ বোর্ড সূত্রে জানা যায়, জেএসসিতে চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৭৮ দশমিক ৩৫। গতবার ছিল ৭২ দশমিক ৬৬। এ বছর মহানগরে পাসের হার ৮৫ দশমিক ১৭। মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাসের হার ৭৫ দশমিক ৭৭ এবং মহানগরসহ চট্টগ্রাম জেলার পাসের হার ৭৮ দশমিক ৮৭। সার্বিকভাবে জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে এ বছর। বোর্ডে এবারে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৫৩১ জন। গত বছর পেয়েছিল দুই হাজার ১৯১ জন। বোর্ডের অধীনে এ বছর ১৯৩টি কেন্দ্রে এক লাখ ৩৬ হাজার ৫১২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় এক লাখ ৩৩ হাজার ৪৭২ জন। এদের মধ্যে পাস করেছে এক লাখ চার হাজার ৫৭৮ জন।ছেলেরা এগিয়ে: এ বছর পাসের হারের দিক দিয়ে ছেলেরা এগিয়ে রয়েছে মেয়েদের তুলনায়। ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৪১ এবং মেয়েদের ৭৫ দশমিক ৯১। তবে জিপিএ-৫ হিসেবে মেয়েরা এগিয়ে। এ ক্ষেত্রে ছেলেদের মধ্যে এক হাজার ৬২৩ জন এবং মেয়েদের মধ্যে এক হাজার ৯০৮ জন জিপিএ-৫ পেয়েছে।কক্সবাজার ও তিন পার্বত্য জেলার পাসের হার বেড়েছে: ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রামের বাইরে চার জেলায় গতবারের তুলনায় পাসের হার বেড়েছে। এর মধ্যে কক্সবাজার জেলায় পাসের হার এ বছর ৮০ দশমিক ৮০। গতবারে ছিল ৭৫ দশমিক ১০। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৭০ দশমিক ১১ থেকে বেড়ে ৭৮ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। খাগড়াছড়ি জেলায় ৬৬ দশমিক ৭০ থেকে বেড়ে হয়েছে ৭০ দশমিক ৩৫। বান্দরবান জেলায় পাসের হার বেড়ে ৬৩ দশমিক ৮০ থেকে ৭১ দশমিক ৭৭ হয়েছে। শত ভাগ পাস বেড়েছে: এবার শতভাগ পাস করেছে, এমন বিদ্যালয়ের সংখ্যা ৫৮। গতবার শতভাগ পাস করেছিল ৫২টি বিদ্যালয়ের শিক্ষার্থী। সেরা দশে টানা দুবার প্রথম খাস্তগীর: চট্টগ্রামে বোর্ডের সেরা দশ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এবারও প্রথম হয়েছে খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়। টানা দুই বছর এই অবস্থান ধরে রেখেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, ‘সারা বছরেই শিক্ষার্থীদের মানোন্নয়নের প্রচেষ্টায় নিয়োজিত থাকেন শিক্ষকেরা। তা ছাড়া দু-একজন যদি কিছুটা দুর্বল থাকে, তাদের বিশেষ পরিচর্যা নেওয়া হয়। ফলে আমাদের কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয় না।’খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৪ জন জিপিএ-৫ পেয়েছে।সেরা বিদ্যালয়ের মধ্যে বাকিগুলো হচ্ছে যথাক্রমে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম পাবলিক স্কুল ও কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, কাফকো স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় (বাওয়া) এবং চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়।