চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত আজ শুক্রবারের নির্ধারিত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। ঘূর্ণিঝড় মহাসেনের কারণে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত কলেজগুলো খালি করার বিষয় বিবেচনা করে পরীক্ষা পেছানো হয়েছে।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় উপকূলীয় এলাকার বিভিন্ন জেলার অনেক পরীক্ষার্থীকে আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে। আবার আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলো। এ অবস্থায় পরীক্ষার্থীদের বাড়ি ফেরা এবং আশ্রয়কেন্দ্র খালি হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে তাঁদের মতামতের ভিত্তিতেই পরীক্ষা তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।’
এ নিয়ে চারবারের মতো পরীক্ষার সময় পেছাল। এটি প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ৯ এপ্রিল। কিন্তু ওই দিন হরতাল থাকায় তা পিছিয়ে ১৩ এপ্রিল পরীক্ষা নেওয়ার কথা বলা হয়। সেদিন পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ‘বিজু’ উৎসব থাকায় বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি নির্ধারণ করে ৪ মে। এরপর উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি তোলে। কারণ, ৩ মে ছিল তাদের পদার্থবিদ্যার পরীক্ষা। তাদের দাবি মেনে নিয়ে বোর্ড পরীক্ষাটি আজ ১৭ মে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।