চট্টগ্রাম বোর্ডের ২৫টি কলেজে আজ থেকে খুদে বার্তার মাধ্যমে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের অধীন ২৫টি কলেজে আজ শনিবার থেকে শুরু হচ্ছে মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) এইচএসসিতে ভর্তির কার্যক্রম। আবেদনের শেষ তারিখ আগামী ৬ জুন। ওই দিন রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। টেলিটক মুঠোফোনের মাধ্যমে এই ভর্তি-প্রক্রিয়া চলবে। মুঠোফোনে ভর্তির কার্যক্রম প্রসঙ্গে সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের অধ্যক্ষ আবদুল গোফরান প্রথম আলোকে বলেন, ‘এর মাধ্যমে অত্যন্ত স্বচ্ছ ও ঝামেলামুক্ত পরিবেশে শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। এতে তাদের কলেজে যাতায়াতে কষ্টও কমে যাবে।’ বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বোর্ডে এ বছর ৮৫ হাজার ৭৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭ হাজার ৭২২ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ১৩ হাজার ৭৪৬, মানবিক থেকে ১২ হাজার ৭৫৩ ও ব্যবসায় শিক্ষা থেকে ৪১ হাজার ২২৩ জন। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ১২১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে তিন হাজার ৮১৮ জন, মানবিক থেকে ৩৫ ও ব্যবসায় শিক্ষা থেকে এক হাজার ২৬৮ জন জিপিএ-৫ পেয়েছে। সূত্রমতে, চট্টগ্রামে ২০টি সরকারি কলেজ রয়েছে। এর মধ্যে নগরে রয়েছে পাঁচটি সরকারি কলেজ। এগুলো হচ্ছে চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি বাণিজ্য কলেজ ও নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ। পাঁচটি সরকারি কলেজে মোট আসনসংখ্যা পাঁচ হাজার ৩৫০টি। এর মধ্যে বিজ্ঞানে এক হাজার ৬৫০, মানবিকে এক হাজার ৬৫০ ও ব্যবসায় শিক্ষায় দুই হাজার ১০০ আসন রয়েছে। জানা যায়, চট্টগ্রাম কলেজে ৭০০টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞানে ৪৫০ ও মানবিকে ৩০০টি আসন রয়েছে। হাজী মুহম্মদ মুহসীন কলেজে এক হাজার ৩৫০টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ৪৫০টি করে আসন রয়েছে। সরকারি বাণিজ্য কলেজে ৭৫০টি আসন রয়েছে। সরকারি সিটি কলেজে এক হাজার ৬৫০টি আসন রয়েছে। এর মধ্যে দিবা শাখায় বিজ্ঞানে ৪৫০, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ৩০০টি করে আসন রয়েছে। বৈকালিক শাখায় বিজ্ঞান বিভাগ নেই। মানবিকে ও ব্যবসায় ৩০০টি করে আসন রয়েছে। সরকারি মহিলা কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০০টি করে মোট ৯০০টি আসন রয়েছে।