চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১০০ কোটি টাকার কর্মযজ্ঞ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারী বলেছেন, গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, উন্নয়নমূলক কাজে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। ক্যাম্পাসে বর্তমানে গবেষণা ও অবকাঠামো উন্নয়ন খাতে প্রায় ১০০ কোটি টাকার কর্মযজ্ঞ চলছে। উপাচার্য গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে তাঁর দুই বছরের কর্মজীবনের পূর্তি উপলক্ষে বিভিন্ন সংবাদকর্মীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় গত দুই বছরে বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়েছে। ক্লাস-পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় সেশনজটমুক্ত হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অগ্রগতির চিত্র তুলে ধরে উপাচার্য বলেন, বর্তমানে দেশি-বিদেশি অর্থায়নে ২৩টি গবেষণা প্রকল্প পরিচালিত হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে উচ্চশিক্ষার মানোন্নয়নে ছয়টি উপ-প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্পের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম, ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। চালু করা হয়েছে ‘মোবাইল ভেটেরিনারি ক্লিনিক’। বিশ্ববিদ্যালয়ে একটি অ্যানাটমি মিউজিয়াম স্থাপনের কাজ চলছে। লাইব্রেরি ডিজিটাল করার কাজ শুরু হয়েছে। উপাচার্য জানান, গত দুই বছরে কর্মচারীদের জন্য নতুন দুটি আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে।