চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে কর্তৃপক্ষ পাঁচজন ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। এ ছাড়া চারজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার ছাত্রছাত্রী শৃঙ্খলা কমিটির সভায় কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথ সভায় সভাপতিত্ব করেন। বহিষ্কার করা ছাত্ররা হলেন কমল কান্তি মজুমদার, সুব্রত দে, মো. আবদুল মমিন, মো. শাহাদাত হোসেন ও মো. আবু হাসান। তাঁরা সবাই স্নাতকোত্তর শ্রেণীর বিভিন্ন বিভাগের ছাত্র এবং ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে কমল কান্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক এবং আবদুল মমিন যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া ভেটেরিনারি মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অমিত কুমার দাসকে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিষ্কার, একই বর্ষের ছাত্র সবুজ কান্তি নাথকে এক বছরের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তৃতীয় বর্ষের ছাত্র নাহিদ সুলতান ও দ্বিতীয় বর্ষের ছাত্র দীপন কুমার ভৌমিককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের পরিচালক কাজী মো. কমরউদ্দীন, পরিচালকের একান্ত সহকারী চমক চন্দ, নৈশপ্রহরী আকরাম হোসেন, গাড়িচালক আক্কাস আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ বিভিন্ন অভিযোগে এসব ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি কারণ দর্শানোর নোটিশ দিলেও তাঁরা জবাব দেননি। ফলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমল কান্তি প্রথম আলোকে বলেন, ‘শহীদ মিনার স্থাপনের জন্য আন্দোলন করায় চারদলীয় জোটের সমর্থক উপাচার্য আমাদের বহিষ্কার করেছেন।’ তিনি অবিলম্বে উপাচার্যের পদত্যাগ দাবি করে বলেন, ‘অন্যথায় আমাদের বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের ধরন অগণতান্ত্রিক আন্দোলনে রূপ নিতে পারে।’ তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার তো হচ্ছে। তাই বলে কি শিক্ষক-কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করতে হবে? এ ধরনের আচরণের সঙ্গে শহীদ মিনারের কোনো সম্পর্ক নেই। তাই বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’