মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে গঠিত চট্টগ্রাম মহানগর কমিটি ও বান্দরবানের লামা উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। পৃথক দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার হাইকোর্টে পৃথক দুটি দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
তিন মাসের জন্য ওই দুই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। রুলে ওই দুই কমিটি গঠন কেন বেআইনি হবে না, তা আলাদাভাবে জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে অপর রিটটি করেন এস এম মাহবুবুল আলমসহ দুই মুক্তিযোদ্ধা। প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিত আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতিসহ চার সদস্যের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা বলে অভিযোগ রয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য ১২ জানুয়ারি যে পরিপত্র জারি করা হয়েছে, তার দুটি শর্ত লঙ্ঘন করে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। এসব যুক্তিতে রিটটি করা হয়।
এদিকে, লামা উপজেলা কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে সেখানকার মুক্তিযোদ্ধা এস কে এইচ সাব্বির আহমেদ গতকাল রোববার রিটটি করেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে আজ ওই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এম হুমায়ন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
পরে এম হুমায়ন কবির প্রথম আলোকে বলেন, গত ১৮ জানুয়ারি লামা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে দেখা যায়, সভাপতি ও তিনজন সদস্য এই উপজেলাসহ অন্য উপজেলার মুক্তিযোদ্ধার তালিকায় রয়েছেন। অথচ নির্দেশিকা অনুসারে সভাপতি সংশ্লিষ্ট এলাকার মুক্তিযোদ্ধা হতে হবে।