চট্টগ্রাম মহানগর ও বান্দরবানের লামা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে গঠিত কমিটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পৃথক দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার হাইকোর্টের পৃথক দুটি দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে গত ১৮ জানুয়ারি চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দুই মুক্তিযোদ্ধা গত রোববার একটি রিট করেন। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রুলসহ স্থগিতাদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
পরে জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতিসহ চার সদস্যের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা বলে অভিযোগ রয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য ১২ জানুয়ারি সার্কুলারের শর্ত অনুসারে নিজেরা যাচাই-বাছাইয়ের আওতাভুক্ত হলে কমিটিতে থাকতে পারবেন না। এরপরও তাঁদের নিয়ে কমিটি গঠন করা হয়—এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই আদেশ দেন।
এদিকে লামা উপজেলা কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে সেখানকার এক মুক্তিযোদ্ধা রোববার অপর রিটটি করেন। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রুলসহ স্থগিতাদেশ দেন।
এই রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম হুমায়ূন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
পরে এম হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, ১৮ জানুয়ারি লামায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি ও তিনজন সদস্য এই উপজেলাসহ অন্য উপজেলার মুক্তিযোদ্ধার তালিকায় রয়েছেন। অথচ যাচাই-বাছাইয়ের নির্দেশিকা অনুসারে সভাপতি ও সদস্যদের সংশ্লিষ্ট এলাকার মুক্তিযোদ্ধা হতে হবে।
রুলে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য চট্টগ্রাম মহানগর ও লামা উপজেলার জন্য গঠিত কমিটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা আলাদাভাবে জানতে চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইনসচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।