চট্টগ্রাম মহানগর পুলিশ প্রশাসনে রদবদল
চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচটি পদে রদবদল করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডলের আদেশে এ রদবদল করা হয়েছে। প্রথমবারের মতো নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, শান্তিরক্ষী মিশন থেকে ফেরা বাবুল আক্তারকে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপকমিশনারের (উত্তর ও দক্ষিণ অঞ্চল) দায়িত্ব দেওয়া হয়েছে। ডিবির অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাতের দায়িত্বে থাকবে বন্দর ও পশ্চিম অঞ্চল।
অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান বলেন, সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীকে প্রসিকিউশনের দায়িত্ব দেওয়া হয়েছে। স্টেট অ্যান্ড বিল্ডিং পদের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কমিশনার রুহুল আমিনকে। এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার (বন্দর) পদে সদ্য পদোন্নতি পাওয়া নগর ডিবি পুলিশের পরিদর্শক জাহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।