চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আরেক মামলায় গ্রেপ্তার

একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনকে আরেকটি মামলা গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। নগরের কোতোয়ালি থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বেলা দেড়টার দিকে শুনানি শেষে মহানগর হাকিম শফি উদ্দিন এ আদেশ দেন।
বিএনপির গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের দেখতে ৭ নভেম্বর ঢাকায় আদালত প্রাঙ্গণে গিয়েছিলেন শাহাদাত। সেখান থেকে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গত ২৮ অক্টোবর কোতোয়ালি থানায় করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার তদন্তে শাহাদাত জড়িত থাকার তথ্য পায় পুলিশ। এ কারণে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। তাঁর সঙ্গে এ মামলায় শামসুল আলম ও জমির উদ্দিন নাহিদ নামে বিএনপির আরও দুই কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শাহাদাতের আইনজীবী আবদুস সাত্তার জামিনের আবেদন করে শুনানিতে বলেন, তফসিল ঘোষণার পর কোনো মামলায় দলের কোনো নেতা–কর্মীকে গ্রেপ্তার না করতে বিএনপির পক্ষ থেকে বলা হলেও পুলিশ তা শুনছে না। শাহাদাত চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। দলও তাঁকে মনোনয়ন দেবে বলে চূড়ান্ত।