চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শর বেশি ছাত্রী গতকাল বৃহস্পতিবার সকালে নগরের রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। এর আগে তাঁরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।জানা গেছে, ইনস্টিটিউটের শিক্ষক মো. জহিরুল ইসলামকে কলেজ থেকে দ্রুত অপসারণ এবং কলেজের নানা দুর্নীতি রোধের দাবিতে ছাত্রীরা এই কর্মসূচি পালন করেছেন।মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে মো. জহিরুল ইসলাম কলেজের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করছেন। এ ছাড়া নানা দুর্নীতি এবং বেআইনি কার্যকলাপের সঙ্গে তিনি জড়িত। অধ্যক্ষকে এ ব্যাপারে অবহিত করা হলেও এর কোনো সমাধান তিনি দেননি। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে বাধ্য হয়ে রাজপথে আন্দোলন শুরু করতে হয়েছে। দাবি মানা না হলে ক্লাস বর্জন এবং কলেজে অবস্থান ধর্মঘট ডাকা হবে বলে শিক্ষার্থীরা জানান।মানববন্ধনে সংহতি প্রকাশ করে মানবাধিকার সংগঠন ফাইট ফর উইমেন রাইটস।এই সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর রেহেনা বেগম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকেরা ছাত্রীদের নানাভাবে হয়রানি করছেন। বিকৃত রুচিসম্পন্ন কিছু ব্যক্তি দ্বারা শিক্ষাঙ্গন কলুষিত হয়ে পড়েছে। সরকার ও সুশীল সমাজের লোকজনকে এ ব্যাপারে সুনজর দিতে হবে। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।