পরীক্ষার্থীর উত্তরপত্রে বৃত্ত ভরাটে সহযোগিতা করার অভিযোগে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের এমবিবিএস চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ১০টি মেডিকেল কলেজ রয়েছে। তিনটি ছাড়া অন্য সাতটি মেডিকেল কলেজের এমবিবিএস চূড়ান্ত বর্ষের পরীক্ষা গত জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ থেকে এ পরীক্ষায় ৬৬ পরীক্ষার্থী অংশ নেন। এই তিনটি মেডিকেল কলেজের এখনো চূড়ান্ত বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। জানা গেছে, গত ২৮ এপ্রিল এমবিবিএস চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয়টি মেডিকেল কলেজের ফলাফল প্রকাশ করলেও চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের ফলাফল স্থগিত রাখে। অভিযোগ রয়েছে, একটি তত্ত্বীয় পরীক্ষায় হলপরিদর্শক নিজেই নৈর্ব্যক্তিক উত্তরপত্র পূরণে পরীক্ষার্থীদের সহযোগিতা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের এক পরিদর্শকদলের কাছে বিষয়টি ধরা পড়ে। ওই পরিদর্শকদল এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনের দপ্তরে। ডিন ওই প্রতিবেদন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠান। মা ও শিশু মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর কলেজের চূড়ান্ত বর্ষের ফলাফল স্থগিত রেখেছে। তত্ত্বীয় পরীক্ষায় এক শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন, পরিদর্শকদলের এ রকম একটি প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল স্থগিত করেছে। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে ফলাফল প্রকাশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’