চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মুলতবি সভা আজ
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মুলতবি সাধারণ সভা আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। সভা কেন্দ্র করে মা ও শিশু হাসপাতালের পরিচালনায় নিয়োজিত দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।জানা গেছে, গত বছরের ১২ জুন মা ও শিশু হাসপাতালের মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যকরী কমিটির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠলে হট্টগোল দেখা দেয়। একপর্যায়ে সভা মুলতবি করা হয়।পরে গত অক্টোবরে মুলতবি সভা চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে করার উদ্যোগ নিয়েছিল কার্যকরী কমিটি। কিন্তু মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যরা বিরোধিতা করলে এই সিদ্ধান্ত থেকে কমিটি সরে আসে। আজ রোববার আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে ওই মুলতবি সভা আহ্বান করা হয়েছে। এ নিয়ে ইতিমধ্যে মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য ফোরামের ব্যানারে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এ সভা চলাকালে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘এ সভা নিয়ে ইতিমধ্যে দুটি পক্ষ হয়েছে। এতে আমাদের কলেজের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমি পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে লিখিত চিঠি দিয়েছি।’