
নাটকের কেন্দ্রস্থল ‘ব্রহ্মাবর্ত’। বিশেষ সংকটকালে এখানকার মুনি-ব্রাহ্মণরা সাধারণ মানুষ পৃথুকে নির্বাচিত করলেন রাজা হিসেবে। দায়িত্ব নেওয়ার পর রাজা পৃথু হতে চেয়েছিলেন দারিদ্র্যের শত্রু, নির্মাণের কারিগর। কিন্তু বাস্তবে পৃথুকে চলতে হয় মুনি-ব্রাহ্মণদের এক অদৃশ্য সুতোর টানে। তাঁরা পৃথুর কর্মঠ হাতে তুলে দেয় যুদ্ধাস্ত্র। একদিকে ধরিত্রীর আহ্বান, অন্যদিকে মুনি-ব্রাহ্মণদের চাপ। এ দুই মিলে শুরু হয় রাজা পৃথুর মানসিক দ্বন্দ্ব। মহৎ কর্মের দৃষ্টান্ত তৈরিতে ব্যর্থ রাজা পৃথু কি জবাব দেবে প্রজাদের কাছে?, বিবেক নির্দেশিত প্রগতির পথ কেন বন্ধ করে দেয় রাজসত্তা?—এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে শেষ হয় নাটক আদি রাজা।
১২ জুন সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ করে ভারতের বহরমপুরের নাট্যদল ঋত্বিক। তির্যক নাট্যদল আয়োজিত তিন দিনব্যাপী ‘নাটকে বহরমপুর’ শিরোনামের নাট্যমেলায় অংশ নিতে চট্টগ্রাম আসে নাট্যদলটি। ১১ থেকে ১৩ জুন প্রতিদিনই নাটক মঞ্চস্থ করে ঋত্বিক।
নাট্যমেলার উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সমাজবিজ্ঞানী অনুপম সেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন তির্যক নাট্যদলের প্রধান আহমেদ ইকবাল হায়দার ও ঋত্বিক সম্পাদক মোহিত বন্ধু অধিকারী। আলোচনা শেষে মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। উদ্বোধনী দিনে টিআইসির গ্যালারি মিলনায়তনে ছিল ঋত্বিকের নাট্যবিষয়ক প্রদর্শনীর উদ্বোধন। এরপর টিআইসির মূল মিলনায়তনে শুরু হয় নাটকের পরিবেশনা।
নাট্যমেলার প্রথম দিন পরিবেশিত হয় নাটক অন্তর অন্দর। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন গৌতম রায় চৌধুরী। দ্বিতীয় দিনের সূচনা হয় দুই বাংলার নাট্যচর্চাবিষয়ক আলোচনার মাধ্যমে। সন্ধ্যায় মূল মিলনায়তনে পরিবেশিত হয় নাটক আদি রাজা। জগদীশ চন্দ্র মাথুরের রচনা অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন প্রতিভা অগ্রবাল ও শমীক বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন বিপ্লব দে।
সমাপনী দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের পরিবেশনার মাধ্যমে শেষ হয় নাট্যমেলা। এটির নির্দেশনা দিয়েছেন গৌতম রায় চৌধুরী। ঋত্বিক সম্পাদক মোহিত বন্ধু অধিকারী বলেন, ‘প্রথমবারের মতো চট্টগ্রামে এসেছি আমরা। দর্শকদের সাড়া পেয়ে অভিভূত। নাটক শেষে দর্শকদের অনেকেই তাঁদের ভালো লাগা সম্পর্কে জানিয়েছেন।’