চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে এক পক্ষের তালা
চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছে সংসদের অপর একটি পক্ষ। এসব অভিযোগ এনে গতকাল শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিটের দারুল ফজল মার্কেটের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে ওই পক্ষটি।
তারা কার্যালয়ের চাবি সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে বুঝিয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধারা সাহাবউদ্দিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ আনেন।
এই অভিযোগে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নগরের দারুল ফজল মার্কেটে সংসদের কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর ইউনিটের সাবেক কমান্ডার মোজাফফর আহমেদ এতে সভাপতিত্ব করেন। সমাবেশ শেষে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন মুক্তিযোদ্ধারা।
এ সময় মোজাফফর আহমেদ অভিযোগ করে বলেন, ‘সাহাবউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মন্ত্রণালয়ে জমা রয়েছে। বর্তমানে জেলা কমান্ডার জেলা প্রশাসক হলেও সাহাবউদ্দিন এখনো ওই অফিসের নিয়ন্ত্রণ নিয়ে বসে আছেন। এ জন্য আমরা তালা দিয়ে চাবি জেলা প্রশাসককে বুঝিয়ে দিচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদের দুটি পক্ষে বিরোধ চলছে। এক পক্ষ তালা দিয়েছে। আমাকে চাবি দিয়েছে। যেহেতু আমি এখন কমান্ডার, তাই আমি এখন নিয়ন্ত্রণে নেব।’
এ প্রসঙ্গে বক্তব্য জানতে মো. সাহাবউদ্দিনকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।