চট্টগ্রাম মেডিকেল কর্মচারীদের ভবনের বারান্দা ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসিক ভবনের দোতলার একটি বারান্দা গতকাল রোববার ধসে পড়েছে। এ ঘটনার পর ওই ভবন থেকে বাসিন্দাদের বের করে দিয়ে ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

এর আগে শনিবার নগরের বিবিরহাটে একটি ছয়তলা ভবন হেলে যাওয়ার পর সিলগালা করা হয়েছিল।

গতকাল বেলা ১১টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে গোয়াছি বাগান এলাকায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের তিনতলাবিশিষ্ট একটি ভবনের বারান্দা ধসে পড়ে। এ সময় ভবনটিতে মেরামতকাজ করা হচ্ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী নারায়ণ চন্দ্র মালী জানান, ২৫ নম্বর ভবনটির দ্বিতীয় তলা থেকে বারান্দাটি ধসে পড়ে। পরে আতঙ্কিত বাসিন্দারা নিচে নেমে আসেন। বারান্দা পড়ে যাওয়ায় দ্বিতীয় তলায় অবস্থানরত দুই বাসিন্দা আটকে পড়েন। কারণ, বারান্দা দিয়ে তাঁদের ঘরে ঢুকতে হতো। পরে তাঁদের উদ্ধার করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই সিলগালা করে দেওয়া হয়েছে। আশপাশের ভবনগুলোর অবস্থাও ভালো নয়। তবে গণপূর্ত বিভাগের সঙ্গে কথা বলে বাকিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেব।’

গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবু তাহের বলেন, ‘ভবনগুলো যে ঝুঁকিপূর্ণ, তা আমরা এক বছর আগেই বলেছি। এখন আমরা কিছু মেরামতকাজ করছি। এর মধ্যে একটি বারান্দা ধসে পড়ে।’