চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে পাঁচ শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাস থেকে শিবিরের পাঁচ কর্মীকে পুলিশ গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে। তাঁদের ৫ ফেব্রুয়ারি নগরের মুরাদপুরে পুলিশের ওপর হামলায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া পাঁচজনই চমেকের শিক্ষার্থী। এঁরা হলেন: শরীফুল ইসলাম (২৩), আখেরুজ্জামান (২৪), রাযী মোস্তাহিদ (২৩), সোহান চৌধুরী (২৩) ও আশিকুর রহমান (১৯)। এঁদের মধ্যে তিনজন শিবিরের সাথি বলে দাবি করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া পাঁচজন গত ১৮ নভেম্বর নগরের ষোলশহর ও প্রবর্তক মোড়ে যানবাহন ভাঙচুর এবং পুলিশের ওপর হামলায় হওয়া মামলারও আসামি। সম্প্রতি তাঁরা জামিনে বের হয়ে আসেন বলে জানা গেছে। জানা গেছে, গতকাল শিবিরের এই পাঁচ কর্মী মৌখিক পরীক্ষায় অংশ নিতে চমেক একাডেমিক ভবনে যান। এ সময় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা তাঁদের দেখে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তাঁদের বের করে দেওয়ার দাবি জানান তাঁরা। এ সময় সেখানে হট্টগোল শুরু হয়। পরে তাঁদের পরীক্ষা নেওয়া হয়। এরপর পুলিশ এসে তাঁদের সেখান থেকে আটক করে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘পাঁচজনের মধ্যে তিনজন শিবিরের সাথি। তাঁদের বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি মুরাদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এখন ওই মামলায় গ্রেপ্তার করা হয়।’