চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ জয়ী
চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। প্রায় পাঁচ বছর পর গতকাল রোববার কলেজ সংসদের নির্বাচন হয়। কোনো ধরনের গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।নির্বাচন কমিশনার অধ্যাপক ঝুলন দাশ বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। নির্বাচনে দীপঙ্কর-মফিজুর রহমানের প্যানেল ২০টি পদে জয়ী হয়েছে। জানা গেছে, কলেজ ক্যাম্পাসে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এরপর বিকেল পাঁচটার দিকে ফলাফল ঘোষণা করা হয়। মোট ভোটার ছিল এক হাজার ২৯৯টি। এক বছর মেয়াদি কমিটির নবনির্বাচিত সহসভাপতি হলেন দীপঙ্কর দাশ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এ ছাড়া আরও ১৮টি পদে ছাত্রলীগের সদস্যরা নির্বাচিত হন।ছাত্রদল নির্বাচনে অংশ না নেওয়ায় ছাত্রলীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিল ছাত্রশিবিরের প্যানেলটি। তবে প্রতিটি পদে ব্যবধান ছিল ২০০ থেকে ৫০০ ভোটের। এ ছাড়া ছাত্র ইউনিয়ন আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে।