চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ মিছিল
তিন যুবককে মারধর করার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার দুপুরে কলেজসংলগ্ন প্রবর্তক মোড় এলাকায় এ মিছিল করা হয়।
অভিযোগ উঠেছে, গত শনিবার রাতে মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টারের তিন যুবক সাইফুল ইসলাম, সুস্ময় সেন ও রবিউল হোসেনকে কলেজের ছাত্র সংসদে নিয়ে গিয়ে মারধর করেন ছাত্রলীগের নেতারা। ফুটপাতের দুই দোকানির মধ্যে ঝগড়ার জের ধরে তাঁদের মারধর করা হয়।
মেডিকেল কলেজ এলাকার স্থানীয় বাসিন্দাদের পক্ষে গতকালের মিছিলের নেতৃত্ব দেন নগরের আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন। মিছিলে মেডিকেল কলেজ ছাত্রলীগের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
মো. আলাউদ্দিন বলেন, ‘তুচ্ছ ঘটনায় মেডিকেল কলেজ ছাত্রলীগের ছেলেরা আমাদের ধরে নিয়ে মারধর করে। তারা এলাকার দোকান থেকে চাঁদাবাজি করে। শনিবার তিনজনকে ছাত্র সংসদে নিয়ে মারধর করে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চমেক ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আরমান উল্লাহ চৌধুরী বলেন, ‘ওটা ওরকম কোনো ঘটনা নয়। দুই দোকানি ঝগড়া করছিল। আমরা মীমাংসা করে দিচ্ছিলাম। ওখানে এলাকার ছেলেরাও আসে। এটা একটি তুচ্ছ বিষয়।’