চট্টগ্রাম মেডিকেল কলেজে বোমাতঙ্ক ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা আতঙ্কের কারণে গতকাল রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রায় তিন ঘণ্টা ক্লাস-পরীক্ষা হয়নি। তবে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদের সরিয়ে দিয়ে পুলিশ কলেজে ব্যাপক তল্লাশি চালিয়েও বোমা বা বোমাজাতীয় কিছুর সন্ধান পায়নি। তল্লাশি শেষে দুপুর সাড়ে ১২টা থেকে কলেজের স্বাভাবিক কাজকর্ম আবার শুরু হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি কলেজ অধ্যক্ষের কার্যালয়ের টিঅ্যান্ডটি ফোনে ফোন করে কলেজের প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে অন্তত আটটি বোমা রয়েছে বলে জানায়। এ সময় অধ্যক্ষ কার্যালয়ে ছিলেন না। বিষয়টি তাঁকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ ও গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কলেজে তল্লাশি চালায়। খবর পেয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরাও মেডিকেল কলেজে যান। কিন্তু প্রায় তিন ঘণ্টার তল্লাশিতে কলেজে বোমা বা বোমাজাতীয় কোনো কিছুর সন্ধান পাওয়া যায়নি।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ দল প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়েও বোমা বা বোমাজাতীয় কোনো কিছু পায়নি।পুলিশ জানায়, তাদের সন্দেহ, আতঙ্ক সৃষ্টির জন্য স্বার্থান্বেষী কোনো মহল কলেজে বোমা রাখার গুজব ছড়িয়েছে। এ ব্যাপারে পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।