চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীরের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীরের কুশপুতুল পোড়ায় ছাত্রলীগ।
মানববন্ধনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ বলেন, ‘দিয়াজ ইরফানের প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন ছাত্রলীগ প্রত্যাখ্যান করেছে। এ বুকে ক্ষোভ জমে রয়েছে। প্রতিনিয়ত বিভিন্নভাবে ছাত্রলীগের মেধাবী নেতাদের হত্যা করা হয়েছে। তাঁর বাসায় গিয়ে যা দেখেছি তাতে এ মৃত্যুকে আত্মহত্যা বলা যায় না। ডা. সেলিম জাহাঙ্গীর পরিকল্পিত হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এ হীন চেষ্টার প্রতিবাদ জানাই। দিয়াজ হত্যার সুষ্ঠু বিচার করতে হবে।’
মহানগর ছাত্রলীগের সহসভাপতি ইয়াছির আরাফাত বলেন, দিয়াজ হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে। সেলিম জাহাঙ্গীরকে দ্রুত অপসারণ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি অভিযোগ করেন, ভুল ময়নাতদন্ত প্রতিবেদন দিতে প্রভাবিত করেছেন অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর। তাঁকে দ্রুত অপসারণ করতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি জয়নাল উদ্দিন, সৌমেন বড়ুয়া, সহসম্পাদক রাহুল দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি, জাকারিয়া দস্তগীর, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সৌমেন দাশ, রেজাউল হক, নুরুজ্জামান, আমিনুল ইসলাম, আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ সজল, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক প্রমুখ।