চট্টগ্রাম মেডিকেল কলেজের জিএস-এজিএসকে মারধর করেছে ছাত্রলীগের একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মফিজুর রহমান ও সহসাধারণ সাধারণ (এজিএস) অর্ণব বড়ুয়াকে গতকাল মঙ্গলবার মারধর করেছে ছাত্রলীগের একটি পক্ষ। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী বলে পুলিশ ও কলেজ শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে। মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহাদ নাসির অভিযোগ করেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বীরউত্তম শাহ আলম মিলনায়তনের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মফিজুর ও অর্ণবের ওপর অতর্কিত হামলা চালায়। তাঁরা দুজনকে মারধর করে তাঁদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেন। খবর পেয়ে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা ধাওয়া করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন কর্মীকে আটক করেন। তাঁর নাম কিশোর বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাঁচলাইশ থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপপরিদর্শক (এসআই) শওকত কবির মারধরের ঘটনা নিশ্চিত করেন।