চট্টগ্রাম মেডিকেলকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর প্রক্রিয়া বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছে জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি। চমেক হাসপাতালকে বহাল রেখে স্বতন্ত্র কোনো জায়গায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির সদস্যসচিব ডা. সুশান্ত বড়ুয়া। এ ছাড়া আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস চমেককে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর প্রক্রিয়ার বিরোধিতা করে তাঁদের বক্তব্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, চমেককে বিশ্ববিদ্যালয় করা হলে গরিব রোগীরা সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি চিকিৎসা ব্যয় বাড়বে। এ ছাড়া শয্যার অতিরিক্ত রোগী তখন ভর্তি হতে পারবে না।
চমেক হাসপাতালে বর্তমানে ১০১৩ শয্যার বিপরীতে গড়ে তিন হাজার রোগী চিকিৎসা নিচ্ছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ববিদ্যালয় হলে অতিরিক্ত রোগী রাখা যাবে না। এ ছাড়া তখন নিবিড় পরিচর্যাকেন্দ্র, অস্ত্রোপচারসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, চমেককে বিশ্ববিদ্যালয় করা নিয়ে সরকার লুকোচুরি করছে। ২০১২ সালে প্রণীত একটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ায় বলা হয়েছে হাসপাতালসহ মেডিকেল কলেজের সব স্থাপনা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের হাতে ছেড়ে দেওয়া হবে। পরে ২০১৪ সালে অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়, ‘হাসপাতাল সরকারের অধীনে থাকবে।’ কীভাবে এটি করা হবে সরকার সেটি পরিষ্কার করছে না বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা জরুরি। তবে তা গরিব রোগীদের চিকিৎসার অধিকার হরণ করে নয়। এ জন্য চমেককে ঠিক রেখে অন্য কোনো স্বতন্ত্র স্থানে বিশ্ববিদ্যালয় করা দরকার।