চট্টগ্রাম মেডিকেলে চিকিত্সক-কর্মচারী মুখোমুখি

চট্টগ্রাম মেডিকেল কলেজকে (চমেক) বিশ্ববিদ্যালয় করার আশ্বাস দিয়ে ঘোষণা দেওয়ার পর চট্টগ্রামে চিকিত্সক ও কর্মচারীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। কর্মচারীরা এর বিরোধিতা করেন এবং চিকিত্সকেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আজ রোববার সকালে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছেন।
সকালে প্রথমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস ঘুরে গোল চত্বরের দিকে যায়। একপর্যায়ে বেলা ১১টার দিকে চিকিত্সকেরাও পাল্টা মিছিল বের করেন। এ সময় চিকিত্সকেরা মিছিল নিয়ে গোল চত্বরে জড়ো হন। চিকিত্সকদের মিছিল দেখে কর্মচারীরা তাঁদের কর্মসূচি শেষ করে দেন।
পরে গোল চত্বরে চিকিত্সকেরা তাত্ক্ষণিক একটি সমাবেশ করেন। এতে বক্তারা বলেন, যখন মন্ত্রী চট্টগ্রাম মেডিকেলকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন, তখন নতুন করে এর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি-জামায়াত সুকৌশলে কর্মচারীদের ভুল বুঝিয়ে এই ষড়যন্ত্র করছে।
সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ চিকিত্সক ইমরান বিন ইউনুস, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মুজিবুল হক খান, বিএমএর নেতা নাছির উদ্দিন মাহমুদ, ফয়সাল ইকবাল প্রমুখ।
গতকাল শনিবারও কর্মচারীরা চট্টগ্রাম মেডিকেলকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার বিরোধিতা করে মিছিল বের করেন।