চট্টগ্রাম মেডিকেলে তামাক বিরোধী শোভাযাত্রায় ছাত্রলীগের বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের বাধার কারণে ধূমপানবিরোধী সংগঠন ‘আধূনিক’ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা বের করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে ছাত্রসংসদের ব্যানারে ক্যাম্পাসে শোভাযাত্রা করেছে ছাত্রলীগ।সূত্র জানায়, বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সকালে কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা বের করার প্রস্তুতি নেয় আধূনিক। এ সময় ছাত্রলীগের একদল নেতা-কর্মী সেখানে গিয়ে ছাত্রসংসদের ব্যানারে শোভাযাত্রা বের করার প্রস্তুতি নেন। তাঁরা আধূনিকের কর্মীদের শোভাযাত্রা বের করতে বাধা দেন। ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, আধূনিক ছাত্রশিবিরের সংগঠন।এ প্রসঙ্গে ছাত্রলীগ নিয়ন্ত্রিত ছাত্রসংসদের সহসভাপতি মফিজুল ইসলাম বলেন, ‘আধূনিক সংগঠনটি ছাত্রশিবির নিয়ন্ত্রিত। তাদের শোভাযাত্রায় শিবিরের আগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘটনায় গ্রেপ্তার হওয়া মেডিকেল কলেজের শিবিরের দুই নেতাও ছিলেন। ক্যাম্পাসে ছাত্রসংসদের কার্যক্রম ছাড়া অন্য সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এ ছাড়া কোনো সামাজিক অনুষ্ঠান করার জন্যও সংসদের অনুমতি নিতে হয়। তাই তাদের আমরা বাধা দিই। আমরা আমাদের শোভাযাত্রা করেছি।’সূত্র জানায়, শোভাযাত্রায় বাধা দেওয়ার পর এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এরই একপর্যায়ে ছাত্রসংসদ শোভাযাত্রা বের করে। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শোভাযাত্রা শেষ হয়।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘ওখানে ধূমপানবিরোধী শোভাযাত্রা নিয়ে একটু উত্তেজনা দেখা দিয়েছিল, তাই আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অধ্যক্ষ র‌্যালি বন্ধ করার নির্দেশ দিলে আমরা তা কার্যকর করি। কোনো পক্ষই র‌্যালি করতে পারেনি।’এদিকে আধূনিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের সংগঠনকে সম্পূর্ণ অরাজনৈতিক বলে দাবি করেছে। শোভাযাত্রায় ছাত্রলীগের বাধা দানের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।