চট্টগ্রাম মেডিকেলে শিক্ষানবিশ চিকিত্সকদের কর্মবিরতি প্রত্যাহার
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিত্সকেরা টানা তিন দিন পর আজ সোমবার দুপুরে তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হাসপাতাল ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে শিক্ষানবিশ চিকিত্সকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করেন।
বৈঠকে শিক্ষানবিশ চিকিত্সকেরা সোহেল পারভেজের ওপর হামলাকারী শিবিরের নেতাদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন। সোহেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রলীগের সাবেক সভাপতি।
শিক্ষানবিশ চিকিত্সকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রাশেদুর রেজা বলেন, ‘প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে আমরা ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারী শিবিরের নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি। তাঁরা গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।’
গত শনিবার সকালে সোহেল নগরের মেহেদিবাগ এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন। বর্তমানে তিনি চিকিত্সাধীন। এ ঘটনার পর হাসপাতালের শিক্ষানবিশ চিকিত্সকেরা কর্মবিরতিতে যান। এতে রোগীদের দুর্ভোগ বাড়ে। মেডিকেল কলেজ ছাত্রলীগও কর্মবিরতির প্রতি সমর্থন জানায়।