২০ বছরের টগবগে তরুণ খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন শোবার ঘর থেকে বসার ঘরের দিকে আসছিলেন, তখন তাঁকে রোগাক্রান্ত ও বয়স্ক লাগছিল। দুই পায়ের বুড়ো আঙুলের উপড়ানো নখ, পিঠ আর বুকে মারের দাগ। কীভাবে জামাকাপড় শুকানোর হ্যাঙ্গার দিয়ে সিনিয়র ভাইয়েরা তাঁকে পিটিয়েছেন, এর বর্ণনা দিতে গিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেন তিনি।প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চট্টগ্রাম মেরিন একাডেমির ৪৭তম ব্যাচে ক্যাডেট হিসেবে ভর্তি হয়েছিলেন তিনি। কর্ণফুলী নদীর ওপারের ক্যাম্পাসে যান গত ১৫ মার্চ। সারা শরীরে জখম ও হাত-পা ফোলা অবস্থায় তাঁকে ২৯ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে পাঠানো হয় ঢাকার এ্যাপোলো হাসপাতালে। ১২ দিনের চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলেও মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন যুবকটির মা-বাবা।হালিশহরের আরেক ক্যাডেটের বাসায় গিয়ে দেখা যায়, তাঁর দুই পায়ে প্লাস্টার। র্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের ভয়াবহ বর্ণনা দেন তিনি। আরেক ক্যাডেটের প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত পড়ার চিকিৎসা হচ্ছে ঢাকার একটি হাসপাতালে। তাঁর দুই পায়ের চিকিৎসাও হচ্ছে।জানা গেছে, জ্যেষ্ঠদের শারীরিক ও মানসিক নির্যাতনে অসুস্থ হয়ে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের ১১ জন নবাগত ক্যাডেট যোগদানের দুই সপ্তাহের মধ্যে একাডেমি ছেড়ে চলে এসেছেন। আরও অন্তত পাঁচ ক্যাডেট চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। কোনো ক্যাডেটের অভিভাবকই নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি।মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রত্যেক ব্যাচের কিছু ক্যাডেট প্রথম দিকে প্রশিক্ষণের ধকল সইতে না পেরে একাডেমি ছেড়ে চলে যায়। এবারও হয়তো কিছু যেতে পারে।’সিনিয়র ভাইদের নির্যাতনে একজন ক্যাডেটের কিডনি নষ্টের অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে একাডেমির কমান্ড্যান্ট বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।জানা যায়, নতুন ক্যাডেটদের ওপর নির্যাতনের অভিযোগ পাওয়ার পর সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মোস্তফা কামালকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহফুজুল কাদের ও অধিদপ্তরের রসায়নবিদ ফৌজিয়া রহমান।তদন্ত কমিটি গতকাল বুধবার থেকেই কাজ শুরু করেছে। ক্যাপ্টেন মোস্তফা কামাল বলেন, ‘চার-পাঁচজন ক্যাডেটের অভিভাবকের কাছ থেকে লিখিত এবং আরও কয়েকজনের কাছ থেকে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। একাডেমি থেকে একদফা ঘুরে এসে অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে।একাডেমির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নতুন ক্যাডেটদের ওপর নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য একাডেমি কর্তৃপক্ষও তিন সদস্যের একটি কমিটিকে দায়িত্ব দিয়েছে। কমিটির সদস্যরা হলেন একাডেমির দুই ইন্সট্রাক্টর ক্যাপ্টেন সাজ্জাদ ও লে. কমান্ডার তারেক এবং জেষ্ঠ্য শিক্ষা কর্মকর্তা খালেদ মাহমুদ। এই কমিটি গত সোমবার রাত থেকে কাজ শুরু করেছে।জানা গেছে, মেরিন একাডেমিতে জ্যেষ্ঠদের এক ধরনের খবরদারি ও মানসিক নির্যাতন সব সময় থাকলেও তা শারীরিক নির্যাতনের পর্যায়ে যাতে না যায়, তা দেখার দায়িত্ব কর্তৃপক্ষের। ১৯৯৬ সালে নবাগত ক্যাডেট রাশেদের মৃত্যু হলে শারীরিক নির্যাতন প্রায় বন্ধই ছিল। সম্প্রতি এটি আবার বেড়ে গেছে।