চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের পেছনে জমজমাট মাদক ব্যবসা
চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের পেছনে জমজমাট মাদকের ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। সেখানে বস্তি ও দোকানপাট বানিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ভাড়া নিচ্ছেন বলে রেলওয়ে কর্মকর্তাদের অভিযোগ। এ জন্য রেলের আটটি বাংলোয় বসবাসরত কর্মকর্তারা বস্তির পাশে সীমানাপ্রাচীর নির্মাণের দাবি জানিয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন।
রেলওয়ে সূত্র জানায়, গত ২৩ জানুয়ারি আটজন কর্মকর্তা রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে অবৈধ বস্তি ও দোকানপাট ঘেঁষে উঁচু সীমানাপ্রাচীর নির্মাণের আবেদন জানান। এতে বলা হয়, এসব বস্তিতে মদ, গাঁজাসেবন ছাড়াও জুয়া খেলাসহ যাবতীয় অবৈধ কর্মকাণ্ড চলে আসছে।
আবেদনে আরও বলা হয়, বস্তির লোকজন মলমূত্র ও আবর্জনা ফেলে নালা ভরাট ও প্রবেশপথের রাস্তা ভেঙে ফেলেছে। শুধু তা-ই নয়, বস্তির লোকজন বাংলোগুলোতে হানা দিয়ে চুরি করে এবং ফলমূল ছিঁড়ে নিয়ে যায়। প্রতিবাদ করলে উল্টো অশালীন আচরণ করে। এ ছাড়া রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মোটরকার রেখে চলাচলের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে।
সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বাংলো এলাকায় বড় দুটি আবর্জনার স্তূপ দেখা গেছে। রেলওয়ের নিজস্ব রাস্তা ভেঙে দেওয়া হয়েছে। অনেক বস্তি ও দোকানপাট নির্মাণের কারণে গোটা এলাকা অরক্ষিত হয়ে পড়েছে। চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের দক্ষিণ দিকে অফিসার্স ক্লাব ঘেঁষে একটি রাস্তা রয়েছে। এই রাস্তাটি কেবল রেলওয়ের আটটি বাংলোর বাসিন্দাদের ব্যবহারের জন্য সংরক্ষিত রাখার আবেদন করা হয়। ওই রাস্তাটি বস্তিবাসী ও মাদক ব্যবসায়ীরা ব্যবহার করে আসছেন, যে কারণে ওই এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে।
আবেদনকারীদের একজন রেলওয়ের হিসাব কর্মকর্তা শাহ আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘বস্তি উচ্ছেদ না করে উঁচু সীমানাপ্রাচীর নির্মাণের জন্য আমরা মহাব্যবস্থাপকের কাছে আবেদন করেছি। তিনি এতে সম্মতি জানিয়ে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন। এখন বাকি কাজ রেলের ভূমি ও প্রকৌশল দপ্তরের। কিন্তু উচ্ছেদ অভিযান চালাতে কেন দেরি হচ্ছে তা বোধগম্য নয়।’
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূমি কর্মকর্তা ও সরকারের উপসচিব মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রেলের অবৈধ জায়গা থেকে উচ্ছেদ অভিযান আমরা শুরু করেছি। সর্বত্র এই অভিযান অব্যাহত আছে। হাসপাতালের পেছনে সীমানাপ্রাচীর নির্মাণ ও বাংলো এলাকা থেকে অবৈধ উচ্ছেদ অভিযান সম্পর্কে দাপ্তরিক চিঠি হাতে পেলেই আমরা কাজ শুরু করব।’
বেশ কিছু বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষকদের প্রশিক্ষণ এবং বদলির ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’