চট্টগ্রাম রেলস্টেশনে তিন মণ কচ্ছপ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ গতকাল রোববার সকালে রেলস্টেশনে ১৩০টি দেশীয় প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে। কচ্ছপ বহন করার অপরাধে পুলিশ দুজনকে আটক করেছে। উদ্ধার করা কচ্ছপের ওজন প্রায় তিন মণ। আটক দুই ব্যক্তির নাম জাকির হোসেন (২০) ও মো. হিরন (২৫)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, আখাউড়া দিয়ে ভারতে পাচারের জন্য কচ্ছপগুলো ট্রেনে করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। গ্রেপ্তার দুই ব্যক্তিকে গতকালই আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। জানা যায়, জাকির ও হিরনের সহযোগীরা চট্টগ্রামের পাহাড়ি এলাকা ও জলাভূমি থেকে সংগ্রহ করে এসব কচ্ছপ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ফিশারিঘাটে নিয়ে আসেন। এরপর তিনটি বস্তায় করে এগুলো রেলস্টেশনে নেওয়া হয়। গোপন সংবাদ পেয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিবের নেতৃত্বে পুলিশ কচ্ছপগুলো উদ্ধার করে এবং দুই ব্যক্তিকে আটক করে। এসব কচ্ছপ কেবল ভারত নয়, বিমানযোগে থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পাচার হয়ে আসছে বলে পুলিশের ধারণা। রেলওয়ের সহকারী পুলিশ সুপার (সদর) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও কচ্ছপের একাধিক চালান ধরা পড়েছে। মূলত বন্য প্রাণী পাচার আইনে অপরাধীর মাত্র এক বছর সাজার বিধান আছে। এ জন্য ধরা পড়লেও পাচারকারীরা সুযোগ পেলেই তাদের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে।