চট্টগ্রাম রেলস্টেশনে রবির সুপেয় পানির স্থাপনা উদ্বোধন
‘নিরাপদ পানি, সুস্থ জীবন’ স্লোগান সামনে রেখে ট্রেনযাত্রীদের বিনা মূল্যে নিরাপদ পানির সুবিধা দিতে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পানি পরিশোধন স্থাপনা (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) বসিয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ রেলওয়ে ও বেসরকারি সংস্থা ওয়াটার এইডের কারিগরি সহযোগিতায় এই স্থাপনা বসানো হয়।স্থাপনার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে যাত্রীদের জন্য রবি সুপেয় পানির যে ব্যবস্থা করেছে, তা যাত্রীসাধারণকে রোগমুক্ত রাখতে ভূমিকা রাখবে।অনুষ্ঠানে রবির প্রধান মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মতিউল ইসলাম বলেন, দেশের বিভিন্ন জায়গায় পানি থাকলেও সুপেয় পানির অভাব সব জায়গায়। সামাজিক দায়বদ্ধতা থেকে রবি দেশের সব স্থানে নিরাপদ পানি দিতে চায়।অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম স্টেশনের পানি পরিশোধন স্থাপনার ধারণক্ষমতা পাঁচ হাজার লিটার। তবে ওই স্থাপনা থেকে ঘণ্টায় চার হাজার লিটার নিরাপদ সুপেয় পানি সরবরাহ করা হবে। এতে প্রতিদিন কমপক্ষে ১৫ হাজার যাত্রীর প্রয়োজন মিটবে।