চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে ভাটিয়ারি পর্যন্ত প্রায় ২১ দশমিক ৭ কিলোমিটার বেড়িবাঁধের দুই পাশ দখল হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এ এলাকায় অন্তত তিন হাজার বসতি গড়ে উঠেছে এবং প্রতিদিনই নতুন করে জায়গা দখল হচ্ছে।
১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আজ ২৩ বছর। কিন্তু এখনো অরক্ষিত রয়ে গেছে বেড়িবাঁধ।
বেড়িবাঁধের জায়গাটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়ন্ত্রণাধীন হলেও এখানে তাদের অনুমতি ছাড়াই বাঁধের পাশের গাছ কেটে দোকানপাট বসতি গড়ে তোলা হচ্ছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারদলীয় প্রভাবশালী নেতারা যে যার মতো করে স্থাপনা গড়ে বিক্রি করছেন ও ভাড়া দিচ্ছেন।
পাউবো সূত্রে জানা যায়, এক/এগারোর সময় সর্বশেষ এখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এর পর থেকে আর কোনো অভিযান পরিচালনা করা যায়নি। জনপ্রতিনিধিদের ভোটব্যাংক হিসেবে বিবেচিত হয় বলে তাঁরাও এখানে কোনো উচ্ছেদ অভিযান হোক, তা চান না। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইচ্ছা থাকলেও বেশিদূর এগোতে পারে না। অভিযান চালাতে হলে প্রয়োজন হয় প্রশাসনের শক্ত জনবল এবং প্রভাবশালী নেতাদের সহযোগিতা। কিন্তু সে রকম জনবল নেই পাউবোর।
অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা প্রশাসনের নির্দেশনা পেলে সহযোগিতা করতে প্রস্তুত আছি। পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা বেড়িবাঁধ এলাকার কোথায় কী পরিমাণ জমি দখল হয়েছে তার খবর নিচ্ছি। পরে সে হিসাবে ব্যবস্থা নেওয়া হবে।’
উচ্ছেদকারীদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এদের ক্ষতিপূরণ এবং সরকারি খাসজমিতে পুনর্বাসনের ব্যবস্থা নিয়েই অভিযানে নামি। কাজেই এ ক্ষেত্রে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই।’
সরেজমিনে বেড়িবাঁধ পরিদর্শন: গতকাল সোমবার সকাল নয়টায় পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে ভাটিয়ারি পর্যন্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শনে দেখা যায়, বাঁধের ওপরের দুই পাশে গাছপালা কেটে গড়ে তোলা হয়েছে বিপণিকেন্দ্র, বসতঘর, হোটেল-রেস্তোরাঁ, দোকানপাট প্রভৃতি। সেখানে দেওয়া হয়েছে অবৈধ বিদ্যুৎ-সংযোগ।
সরেজমিনে দেখা যায়, সৈকতে প্রায় ৩০০ ছোট-বড় দোকান নিয়ে গড়ে তোলা হয়েছে একটি বিপণিকেন্দ্র। সকালে এসব দোকান বন্ধ ছিল। আশপাশে অপেক্ষায় ছিলেন দুই-একজন দর্শনার্থী।
বেড়িবাঁধের চরপাড়ায় কয়েক মিটার দূরত্বে গড়ে উঠেছে দুই-একটি দোকান, বেড়ার ঘর। আর চার-পাঁচজনের ১৫টি দল গলদা চিংড়ি বাছাইয়ে ব্যস্ত। এলাকায় বেড়িবাঁধের বালুর বস্তা তুলে আনা হয়েছে বসতঘরের সামনে। এ এলাকায় ছয়টি জায়গায় বাঁধের সীমানা ধসে গেছে। কাঁটাতারের সীমানাপ্রাচীর দিয়ে গড়ে তোলা হয়েছে একটি অস্থায়ী শিপইয়ার্ড।
খেজুরতলা থেকে শুরু করে মুসলিমাবাদ, দক্ষিণ-মধ্যম হালিশহর, দক্ষিণ কাট্টলী প্রভৃতি এলাকায় বাঁধের দুই পাশে গড়ে উঠেছে বেড়া ও টিনের চালের ঘনবসতি। ভোলা, হাতিয়া, যশোর, কিশোরগঞ্জ, খুলনা, বাগেরহাট এলাকার মানুষের বেশির ভাগেরই জীবিকা মাছ ধরা। প্রতিটি কক্ষের ভাড়া দিতে হয় মাসে ৫০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত। ভাড়ার বাইরে বিদ্যুৎ বিলের জন্য প্রতি মাসে একটি পাখার জন্য ১০০ এবং একটি বাতির জন্য ১০০ টাকা করে বাড়তি দিতে হয়। অবৈধ সংযোগ প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (দক্ষিণাঞ্চল) নজরুল ইসলাম বলেন, ‘এ ধরনের সংযোগের ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। যদি কেউ এভাবে অবৈধ সংযোগ নিয়ে থাকে, তবে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাসিন্দারা জানালেন, ভাড়া সংগ্রহ করেন এলাকার মাস্তান এবং সরকারদলীয় প্রভাবশালীরা। কিন্তু কেউ কোনো নামধাম জানাতে চাননি।
মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকায় প্রায় ১০ বছর ধরে বসতি করে থাকছেন মোসলেম মিয়া। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তিনি জানান, এলাকার একজনের কাছ থেকে (নাম জানাতে চাননি) জায়গা কিনে বাড়ি বানিয়েছেন।
খেজুরতলা এলাকায় কথা হয় হাতিয়ায় নদীভাঙনে জায়গাজমি হারা ষাটোর্ধ্ব জলমোহনের সঙ্গে। একসময় সাগরে মাছ ধরতেন। এখন শরীরে কুলায় না। ছেলেদের আয়ে সংসার চলে।
তিনি বলেন, ‘আমরা প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে থাকছি। কোনো উপায় নাই, কী করুম।’