চট্টগ্রাম শহর রক্ষা বাঁধ সংস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহর রক্ষা বাঁধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম’ এই দাবি জানায়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি স্থপতি সুভাষ বড়ুয়া। এতে বলা হয়, বন্দর, কাস্টমস, বিমানবন্দর, বিভিন্ন বেসরকারি কনটেইনার ডিপোসহ জাতীয় অর্থনীতির প্রায় সব গুরুত্বপূর্ণ স্থাপনা শহরের এ অংশে অবস্থিত। প্রাকৃতিক বিপর্যয়ে শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হলে ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, ১৫৮৪ থেকে ১৯৬৯ পর্যন্ত ৩৮৫ বছরে অস্বাভাবিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়েছে ২৭টি। এরপর ১৯৭০, ১৯৮৫, ১৯৮৮, ১৯৯১, ২০০৭ ও ২০০৯ সালে দেশের উপকূলে ছয়টি প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আঘাত হানে। লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯৫ সালের নগরের মহাপরিকল্পনায় উপকূলীয় এলাকাকে ‘স্পেশাল কন্ট্রোল জোন’ হিসেবে চিহ্নিত করে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে শহর রক্ষা বাঁধকে প্রয়োজনীয় উচ্চতায় শক্তিশালী করা এবং বনায়নের সুপারিশ করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিকল্পিত ফোরামের সভাপতি অধ্যাপক মু. সিকান্দার খান, সাধারণ সম্পাদক স্থপতি জেরিনা হোসেন, স্থপতি বিধান বড়ুয়া, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, শাহরিয়ার খালেদ প্রমুখ।