চট্টগ্রাম শহরের ড্যাপ সংশোধনের সুপারিশ সংসদীয় কমিটির
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ত্রুটিপূর্ণ বলে মনে করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি আগামী ৩১ জানুয়ারির মধ্যে এই ড্যাপে প্রয়োজনীয় সংশোধনী আনার সুপারিশ করেছে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এই ড্যাপ করা হয়েছিল। এখানে অনেক ত্রুটি রয়েছে। এ জন্য কমিটি এটি সংশোধনের সুপারিশ করেছে। একই সঙ্গে কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করারও সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান। বৈঠকে চউকের উত্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, ড্যাপের অসংগতি দূর করতে নগর উন্নয়ন কমিটিকে দায়িত্ব দেওয়া হলে তা তারা করতে পারবে। একই সঙ্গে ড্যাপকে হালনাগাদ করার কাজও তারা করতে পারবে। এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, হুইপ নূর-ই-আলম চৌধুরী, জহিরুল হক ভূঞা, কে এম খালিদ ও আজিজুল হক চৌধুরী প্রমুখ অংশ নেন।